আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশ নিয়ে তৈরি হওয়া শঙ্কা নাকচ করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, নির্বাচন শেষ হওয়ার তিন দিন নয়, বরং পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল বলেন, নির্বাচনকে ঘিরে যেসব শঙ্কা ছিল, সেগুলো সবার সহযোগিতায় ইতোমধ্যে অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। ইনশাআল্লাহ, আগামী বৃহস্পতিবার একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যাবে।
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্ব হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে দ্রুত ফল সংগ্রহ করা সম্ভব। দুর্গম কিছু এলাকায় সামান্য দেরি হলেও সামগ্রিকভাবে শুক্রবারের মধ্যেই ফল ঘোষণা করা যাবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন উপলক্ষে সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে ও কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।
নির্বাচন পর্যবেক্ষণে প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম কাজ করবে। প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য পাঠানো হবে কেন্দ্রীয় মনিটরিং সেলে। পাশাপাশি গুজব প্রতিরোধে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ও সক্রিয় থাকবে বলে জানান তিনি।