হাদি হত্যার তদন্ত ও বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ডিএমপির বিভিন্ন ইউনিটের ১৬ জন সদস্য আহত হন।
আহতদের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি, একজন পরিদর্শক, একজন সার্জেন্ট ও একাধিক কনস্টেবল রয়েছেন। অধিকাংশের হাত, পা ও মাথায় আঘাত লাগে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনের মাথায় সেলাই দিতে হয়েছে।
এদিকে সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে ইনকিলাব মঞ্চের জাবেরসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে ডিএমপি এক বিবৃতিতে জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে যমুনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও কয়েকটি গোষ্ঠী সেখানে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।
ডিএমপি এ ঘটনায় বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।