ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের বিষয়ে পূর্বের সিদ্ধান্ত সংশোধন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বিএনপির আপত্তির পর নতুন নির্দেশনায় ভোটকেন্দ্র নয়, কেবল পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত সংশোধিত নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে বিএনসিসি ক্যাডেটরা দায়িত্ব পালন করবেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়, রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে হবে এবং ক্যাডেটদের দক্ষতা, নিরপেক্ষতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করে দায়িত্ব দিতে হবে।
সর্বোচ্চ তিনটি নির্বাচনি এলাকার জন্য একটি করে সেকশন হারে মোট ১২৩টি সেকশন মোতায়েন করা হবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল সংগ্রহ ও পরিস্থিতি প্রতিবেদনের কেন্দ্রে পাঁচটি সেকশন দায়িত্ব পালন করবে।
এতে আরও বলা হয়, মোতায়েনকৃত ক্যাডেটরা কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে-বিপক্ষে কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং দায়িত্ব পালনের আগে তাদের প্রশিক্ষণ দিতে হবে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিইসির সঙ্গে বৈঠকে বিএনসিসি ক্যাডেটদের ভোটকেন্দ্রের কাজে যুক্ত না করার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতেই ইসি আগের নির্দেশনা সংশোধন করে নতুন সিদ্ধান্ত নেয়।