কোনো কেন্দ্রে দখলের চেষ্টা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, কেন্দ্র দখল ঠেকাতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হচ্ছে এবং পুলিশের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা সরবরাহ করা হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা ড্রোন ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করছি। এরপরও কেউ যদি কোনো ধরনের অনিয়ম বা সহিংসতার চেষ্টা করে—সে ভাই হোক বা বোন—কাউকেই ছাড় দেওয়া হবে না। তিন দিন, চার দিন কিংবা ছয় মাসের জামিনে বের হলেও শেষ পর্যন্ত তাকে আইনের মুখোমুখি হতে হবে।”
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রের পাশাপাশি কিছু বৈধ অস্ত্রও এখনো বাইরে রয়েছে এবং বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যাও বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে।
ময়মনসিংহ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এখানে পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। বিদ্যমান প্রস্তুতির মাধ্যমে জাতিকে একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ক্ষেত্রে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ঝিনাইগাতির ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।