রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহৃত তিন বছরের শিশুকে ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় অপহরণকারী মো. চাঁন মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে শিশুটি অপহরণের শিকার হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়।
এদিকে, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, সীতাকুণ্ড ও কক্সবাজার সদর এলাকায় একাধিক অভিযান চালিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন হত্যা মামলায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য এক অভিযানে ২৯ জানুয়ারি রাজধানীর খিলগাঁও এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২৯০ রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজসহ অস্ত্রধারী সন্ত্রাসী আসাদুলকে গ্রেপ্তার করে র্যাব-৩।
এছাড়া ২৭ জানুয়ারি কামরাঙ্গীচর থেকে পুলিশের লুট হওয়া দুটি সাউন্ড গ্রেনেড ও দুটি টিয়ারশেল উদ্ধার করা হয়। ১৬ জানুয়ারি কুমিল্লার মুরাদনগর থেকে একটি চায়না রাইফেল, একটি দেশি রাইফেল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে র্যাব-১১।
গত ২৬ জানুয়ারি কক্সবাজারে অভিযান চালিয়ে ছয় লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও ১০ কেজি হেরোইন সদৃশ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১৮ জানুয়ারি পটুয়াখালী থেকে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত বেল্লাল খান তুহীনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিভিন্ন অপরাধে প্রায় এক হাজার ২০০ জন অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
আইনের শাসন সমুন্নত রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও র্যাবের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক।