ড. মুহাম্মদ ইউনূস গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর–এর চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি জাদুঘরে পৌঁছে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্র এবং আন্দোলন-সংক্রান্ত বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। উপদেষ্টাদের মধ্যে ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাদুঘরে জুলাই অভ্যুত্থানের ছবি, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, পত্রিকার কাটিং ও অডিও-ভিডিও সংরক্ষণ করা হয়েছে। এছাড়া গুম, দমন-পীড়ন এবং গণহত্যার চিত্র নিয়ে নির্মিত ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্রও দেখেন ড. ইউনূস।
পরিদর্শন শেষে তিনি বলেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর নির্মাণ একটি নজিরবিহীন দৃষ্টান্ত। ভবিষ্যতে জাতি দিশেহারা হলে এখান থেকেই পথের দিশা পাবে। তিনি শিক্ষার্থীসহ দেশের সব নাগরিককে অন্তত একদিন এই জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অল্প সময়ে জাদুঘরের কাজ এ পর্যায়ে আসা একটি রেকর্ড, যা তরুণদের অক্লান্ত পরিশ্রমে সম্ভব হয়েছে। নির্বাচন পূর্বেই জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।