সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিতে হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় নির্বাচনে ভোট দেওয়া নাগরিকদের ব্যক্তিগত অধিকার। সবাই নিজ নিজ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও গণভোটের ক্ষেত্রে দেশের ভবিষ্যৎ ও বৃহত্তর স্বার্থ বিবেচনা করা জরুরি। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও দেশের কল্যাণে ভালো নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে দীর্ঘ আলোচনার মাধ্যমে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ গৃহীত হয়েছে। ক্ষমতার ভারসাম্য ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে চারটি প্রশ্নে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে। সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও কাউকে ‘না’ ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে না—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন ও কর্তৃত্ববাদী শাসনের অবসান চাইলে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হবে এবং গণভোটে ‘হ্যাঁ’কে জয়ী করতে হবে। তিনি জানান, গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ‘ভোটের রিকশা’ কর্মসূচির মাধ্যমে ৬৪ জেলা ও ৪৫০০ ইউনিয়নে প্রচারণা চালানো হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবদুল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এএসএম জাহিদ।