গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রয়েছে এবং তা থাকবেই। ‘হ্যাঁ’ ভোট দিলে ইসলাম থাকবে না বা আল্লাহ থাকবে না—এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা’ শীর্ষক মতবিনিময় সভা ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিসমিল্লাহ থাকবে কি না, রাষ্ট্রধর্ম থাকবে কি না—এ ধরনের কথা বলে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জুলাই সনদে যেসব বিষয় যুক্ত হওয়ার কথা বলা হয়েছে, সেগুলোই সংযোজন হবে। সংবিধানের অন্যান্য ধারাগুলো যথাযথভাবে বহাল থাকবে।’ তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা সম্ভব।
গণভোটের প্রস্তাবিত বিষয়গুলো ব্যাখ্যা করে তিনি বলেন, প্রথমত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। ভবিষ্যতে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং এতে বিরোধী দলসহ সব পক্ষের অংশগ্রহণ থাকবে।
দ্বিতীয়ত, নির্বাচন কমিশন গঠনে নিরপেক্ষতা নিশ্চিত করতে বিরোধী দলের মতামত গ্রহণ বাধ্যতামূলক হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায় এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আলম।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।