ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। আজকের মধ্য দিয়েই নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা নির্ধারিত হবে।
কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে কিংবা জোটসংক্রান্ত কোনো সমঝোতা বাকি থাকলে, তা নিষ্পত্তিরও শেষ সুযোগ আজই।
আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন। কোনো আসনে যদি একটি দলের একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী একজনের নাম চূড়ান্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে।
একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও চাইলে আজ তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সোমবার নির্বাচন কমিশন-এর কর্মকর্তারা এ তথ্য জানান।
নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ে প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।
প্রাথমিকভাবে ৩০০ আসনে বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন। পরে ৬৪৫ জন প্রার্থী আপিল করেন। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত টানা ৯ দিনের শুনানিতে চার শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ২৫০ জনের কাছাকাছি।