আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব দেখাতে হবে।
রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন ইসি সানাউল্লাহ।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হবে। এই অভিযানের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে— অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনি আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।
রোহিঙ্গা ক্যাম্প প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ভোটের আগে ও পরে কয়েকদিন উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিং বা অপরাধমূলক কাজে ব্যবহৃত না হয়, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ দেওয়া হবে না। কেউ সংক্ষুব্ধ হলে আইন অনুযায়ী প্রতিকার চাইবেন, গায়ের জোরে কিছুই চলবে না। সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নানসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।