আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)–২০২৬। সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মেলা উপলক্ষে দেওয়া এক বাণীতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এমন একটি আয়োজন, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরবে।
বাণীতে তিনি আরও বলেন, ৩০তম ডিআইটিএফ–২০২৬ উপলক্ষে মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দেশীয় পণ্যের প্রচার ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে এ মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, মাসব্যাপী এই বাণিজ্য মেলা দেশের গুণগত মানসম্পন্ন পণ্য দেশি-বিদেশি দর্শক, ভোক্তা ও আমদানিকারকদের সামনে উপস্থাপনে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তা ও ভোক্তারা বৈশ্বিক পণ্যের মান, নকশা ও বাজার প্রবণতা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়ার সুযোগ পান।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য চালু করা হয়েছে ই-টিকিটিং ব্যবস্থা, যেখানে অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। যাতায়াত সুবিধায় বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি ছাড়মূল্যে ‘পাঠাও’ রাইড সার্ভিসও যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রথমে মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন বন্ধ ছিল। পরবর্তীতে ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে নিয়মিতভাবে মেলার আয়োজন করা হচ্ছে।