মোবাইল ফোন আমদানিতে শুল্কহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আগে যেখানে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি ছিল, তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর আরোপিত করও ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তে দেশে মোবাইল ফোন শিল্প আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শফিকুল আলম। তিনি বলেন, বিদেশ থেকে ব্যবহৃত মোবাইল ফোন এনে দেশে আংশিক সংস্কার করে বিক্রির প্রবণতা দীর্ঘদিন ধরেই রয়েছে। এতে একদিকে সাধারণ ক্রেতারা প্রতারিত হন, অন্যদিকে সরকার বিপুল রাজস্ব হারায়। নতুন কর কাঠামোর ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে এসব ফোনের দামও তুলনামূলকভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
ব্রিফিংয়ে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গেও কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে ১২৩টি পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এখন পর্যন্ত মোট পাঠ্যপুস্তকের প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি বইগুলোও নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।