বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসানকে কেন্দ্র করে আজ ঢাকায় সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক উপস্থিতির এক বিরল দৃশ্য। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজাকে ঘিরে এই আন্তর্জাতিক উপস্থিতিকে কূটনৈতিক সৌজন্য ও রাজনৈতিক সম্মানের প্রতীক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে জানাজায় অংশ নেবেন। এর মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, দেশটির জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ–এর উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাংলাদেশি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে যে, এস জয়শঙ্কর ঢাকায় এসে সরাসরি জানাজায় অংশ নেবেন। একইভাবে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন নিশ্চিত করেছে, ইসহাক দার বাংলাদেশে এসে সরাসরি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় যোগ দেবেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, একাধিক দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মর্যাদা ও দীর্ঘ রাষ্ট্রীয় ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি বহন করে। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন।
এদিকে জানাজা উপলক্ষে রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোও ব্যাপক জনসমাগম সামাল দিতে প্রস্তুতি সম্পন্ন করেছে। রাজনৈতিক মতভেদ ছাপিয়ে খালেদা জিয়ার জানাজাকে ঘিরে দেশজুড়ে শোক ও সম্মানের আবহ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।