সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য ভারত–এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, ভারতে মুসলিম, খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা গভীর উদ্বেগের বিষয়।
তিনি জানান, চলতি মাসে ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানার হত্যা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যা এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে।
মাহবুবুল আলম আরও বলেন, গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর সংঘটিত সহিংসতার ঘটনাও বাংলাদেশ গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। এসব ঘটনাকে বাংলাদেশ ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে বিবেচনা করে।
এদিকে সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়–এর সাম্প্রতিক মন্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, ভারতের বক্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয় এবং এতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সরকার কোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।