জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর সমাধির পাশে জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হবে।
শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে রাষ্ট্রীয় ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সমাহিত করা হবে। ইতোমধ্যে সেখানে কবর খননের কাজ শুরু হয়েছে এবং দাফনের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদ ওসমান হাদিকে জাতীয় কবির সমাধির পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সংগ্রামী ভূমিকা, রাজনৈতিক অবস্থান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানকে সম্মান জানাতে। পরিবারের পক্ষ থেকেও এ সিদ্ধান্তে সম্মতি জানানো হয়েছে।
এর আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। সেখান থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানাজা ও দাফনকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করেছে এবং পুরো আয়োজন নজরদারিতে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুরুতর আঘাত নিয়ে তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।