ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি—যার মৃত্যু কেবল একটি প্রাণের অবসান নয়, বরং সততা, সাহস ও আপসহীন আদর্শের এক জীবন্ত দলিল। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর একটি বক্তব্য এখন দেশজুড়ে আলোড়ন তুলেছে, যা অনেকের কাছে হয়ে উঠেছে নৈতিকতার প্রতীক।
শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি কফিনের ছবি শেয়ার করা হয়। সেখানে তাঁর আগের একটি বক্তব্য পুনরায় তুলে ধরা হয়। তিনি লিখেছিলেন, “হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।” এই বক্তব্যে তাঁর সারাজীবনের আদর্শ ও জীবনদর্শনের প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে।
ঘটা করে নয়, সাদামাটা জীবনেই বিশ্বাস করতেন শহীদ হাদি। অনৈতিক উপায়ে সম্পদ অর্জন কিংবা ক্ষমতার লোভ তাঁর আদর্শকে কখনোই স্পর্শ করতে পারেনি। তাঁর ভাষায়, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়—এই বিশ্বাসেই তিনি সংগ্রামের পথে ছিলেন।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, শুক্রবার সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ দেশে আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহবাহী কফিনটি সিঙ্গাপুর ত্যাগ করেছে। সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
সাধারণ কফিনে শহীদ হাদির এই শেষ যাত্রা অনেকের কাছে হয়ে উঠেছে এক অনন্য সম্মান ও আদর্শের প্রতিচ্ছবি, যা দীর্ঘদিন মানুষের বিবেককে নাড়া দেবে।