দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এই হামলার পর দুই পত্রিকার সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
টেলিফোনে আলাপকালে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে রয়েছে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং এটি স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার ওপর হামলার শামিল। তার ভাষায়, এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং স্বাধীন সাংবাদিকতার পথে একটি গুরুতর বাধা সৃষ্টি করেছে।
আলোচনার সময় প্রধান উপদেষ্টা সম্পাদকদের আশ্বস্ত করে বলেন, সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। একই সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতাও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রেস উইং জানায়, খুব শিগগিরই প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর সম্পাদকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। এ ঘটনার পর গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।