ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় এই দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক ও ওসমান হাদির শিক্ষক এম এ আব্দুর রহিম বলেন, ওসমান হাদি আমাদের মধ্য থেকে চলে গেছেন। বাংলাদেশের মানুষের মুক্তি এবং আধিপত্যবাদী শক্তির কবল থেকে দেশকে মুক্ত করার যে স্বপ্ন তিনি দেখতেন, সেই পথ যেন চলমান থাকে। তিনি বলেন, ওসমান হাদির আদর্শ অনুসরণ করে ভবিষ্যতে হাজারো তরুণ বাঙালির মুক্তির জন্য দাঁড়াবে।
তিনি আরও বলেন, জীবিত অবস্থায় ওসমান হাদির নিরাপত্তা ও রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা উচিত ছিল। দুঃখজনকভাবে এ দেশের মানুষ অনেক সময় প্রকৃত মূল্যবান মানুষকে তাঁর জীবদ্দশায় চিনতে পারে না। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে ওসমান হাদির মতো সাহসী কণ্ঠস্বরদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত করা প্রয়োজন ছিল।
এম এ আব্দুর রহিম বলেন, এখন জনগণ ও প্রশাসনের কাছে দাবি— ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান জানাতে হবে এবং তাঁকে ‘বাংলার বীর’ হিসেবে ঘোষণা করতে হবে। তাঁর নামের সঙ্গে ‘বাংলার বীর’ উপাধি রাষ্ট্রীয়ভাবে যুক্ত দেখতে চান তাঁরা।
এ সময় স্থানীয়রা আরও দাবি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, নির্দেশদাতা, অর্থদাতা এবং দেশ-বিদেশে থাকা সব সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।