জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সক্রিয় মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ পরিস্থিতিতে সবাইকে সংযত থাকার পাশাপাশি কারও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা।
স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, সবাইকে সংযত থাকতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। তিনি বলেন, আলোচনাটি যেন আমাদের সময়ের বীর হাদি থেকে সরে অন্যদিকে না চলে যায়—এ বিষয়ে সবার সচেতন থাকা জরুরি।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অগ্রণী মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে উত্তেজনা ও নানা প্রতিক্রিয়া সৃষ্টি হলে পরিস্থিতি শান্ত রাখতে এই সংযমের আহ্বান জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।