সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মরদেহ আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হবে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এক ভিডিওবার্তায় হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৪ মিনিটে শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়। ওই পোস্টে লেখা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।” একই তথ্য নিশ্চিত করে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শোকবার্তা প্রকাশ করা হয়।
ডা. আব্দুল আহাদ তার ভিডিওবার্তায় বলেন, জুলাই অভ্যুত্থানের বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তারা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি সবাইকে হাদির পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দেশের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে এসে হামলাকারীরা খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় রিকশায় থাকা অবস্থায় তিনি এই হামলার শিকার হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, গুলি মাথার ডান দিক দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়, তবে কিছু অংশ মস্তিষ্কে থেকে যায়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সর্বশেষ ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।