মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অত্যন্ত সংকটাপন্ন রয়েছেন। বৃহস্পতিবার সকালেও তার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ সকালে হাদির বড় ভাই ওমর বিন হাদি হাসপাতালে গিয়ে তাকে সর্বশেষ দেখার সুযোগ পান। পরে তিনি ফোনে হাদির বর্তমান অবস্থা সম্পর্কে জানান।
ঢাকায় হাদির চিকিৎসায় যুক্ত থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ গতরাতে আমার দেশকে বলেন, শরীফ ওসমান হাদির একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। পাশাপাশি তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলেও তিনি জানান। এসব জটিলতার কারণে গতরাতে হাদির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন।
হাদির চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি তদারকিতে সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে। ওই কর্মকর্তা হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর সরকারের সঙ্গে সমন্বয় করে জরুরি সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।
অন্যদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে অনির্ধারিতভাবে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা এবং করণীয় বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে উপদেষ্টারা মতবিনিময় করেন। একই সঙ্গে হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের বিষয়ে সর্বশেষ অগ্রগতির কথাও উপদেষ্টা পরিষদের সদস্যদের অবহিত করা হয়।
চিকিৎসক ও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, শরীফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক এবং পরবর্তী কয়েকটি ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।