ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতার হওয়া দুজন হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোসা. হাসি বেগম (৬০)।
মঙ্গলবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাব-১০-এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউসিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এই চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ আসামি হিসেবে ফয়সালের বাবা ও মাকে গ্রেফতার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া দুজনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে এই মামলায় ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর এবং তাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে সীমান্ত এলাকা থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের উদ্দেশ্যে রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে থাকা আততায়ী খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলিটি হাদির মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরবর্তীতে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।