মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জমকালো এয়ার শো উপভোগ করতে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টা থেকেই বিমানবন্দর ও আশপাশের এলাকায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
পরিবার-পরিজন, শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ বিজয় দিবসের এই বিশেষ আয়োজন উপভোগ করতে সকাল থেকেই সেখানে জড়ো হন।
সরেজমিনে দেখা গেছে, আগারগাঁও সংলগ্ন পুরাতন বিমানবন্দরের প্রবেশপথে দীর্ঘ সারি তৈরি হয়। নিরাপত্তা তল্লাশির পর পর্যায়ক্রমে দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভিড় সামাল দিতে ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়েছে।
এ উপলক্ষে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বিমানবন্দর চত্বরে প্রবেশ করা হাজারো মানুষ নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে এয়ার শোর প্রস্তুতি উপভোগ করেন। কোথাও বিশৃঙ্খলা দেখা যায়নি, বরং উৎসবমুখর পরিবেশে মানুষ একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন।
দর্শনার্থীদের অনেকের হাতেই ছিল লাল-সবুজের জাতীয় পতাকা। কেউ কেউ কপালে জাতীয় পতাকার আদলের ফিতা বেঁধে এসেছেন, আবার অনেকে বিজয় দিবস লেখা সংবলিত টি-শার্ট ও লাল-সবুজ রঙের পোশাক পরে অনুষ্ঠানে যোগ দেন। শিশুদের মাঝেও ছিল বিশেষ উচ্ছ্বাস, অনেকেই প্রথমবারের মতো এয়ার শো দেখার অপেক্ষায় ছিল।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে এয়ার শো আয়োজনের কথা জানানো হয় সোমবার প্রকাশিত এক তথ্যবিবরণীতে। এতে বলা হয়, এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
বিজয় দিবসের এই এয়ার শো ঘিরে পুরো এলাকা যেন রূপ নেয় উৎসবের মিলনমেলায়, যেখানে বিজয়ের আনন্দ ও দেশপ্রেম একসঙ্গে ফুটে উঠেছে।