ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছানো হয় এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি শুরু থেকেই ওসমান হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে সার্বক্ষণিক চিকিৎসা পরিস্থিতির খোঁজ রাখছেন বলে জানান।
এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। তার আগে দুপুর ১টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সড়কপথে অ্যাম্বুলেন্সে করে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা যৌথভাবে ওসমান হাদির শারীরিক অবস্থা মূল্যায়ন করে দীর্ঘ এই ভ্রমণের অনুমোদন দেন। পুরো যাত্রাপথে তাকে বিশেষ মেডিকেল সাপোর্টে রাখা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি কয়েকদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক অবস্থার পরবর্তী আপডেট পর্যবেক্ষণ শেষে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।