জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।
অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে থাকা চিকিৎসকদের তত্ত্বাবধানে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হচ্ছে। তার সঙ্গে রয়েছেন দুই ভাই, যারা পুরো চিকিৎসা প্রক্রিয়ায় পাশে থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আগে থেকে অবস্থানরত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।
এর আগে ওসমান হাদির শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে একাধিক আলোচনা ও পর্যালোচনা হয়। সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরসহ থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পুরো প্রক্রিয়াটি তদারকিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে বিশেষ মেডিকেল সাপোর্টের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হচ্ছে, যাতে যাত্রাপথে কোনো ঝুঁকি না থাকে।
ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে আগেই জানানো হয়েছে। একই সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার খবরে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছেন।