জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে জুমা লিখেছেন, হাদির ওপর হামলার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন তিনি ও ইনকিলাব মঞ্চের আরেক কর্মী ফাহিম, যদিও তারা দুজনই সংগঠনের সবচেয়ে আবেগপ্রবণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
তিনি লেখেন, “সবচেয়ে শক্ত থাকা দুজনকে দেখে যদি মনে হয় বাকিদের অবস্থা সহনীয়, তবে বাকিদের কান্না আর যন্ত্রণার দৃশ্য দেখলে বিশ্বাস করা কঠিন হবে।”
ওসমান হাদিকে স্মরণ করে জুমা তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি লেখেন, “ওসমান হাদি সেই নেতা, যে কর্মীর কাজ নিজে আগ বাড়িয়ে করে দেয়। কর্মীদের মুখে তুলে খাইয়ে দেয়। এমনকি আঘাত পাওয়ার দিনও জাবের ভাইয়ের কাপড় নিজে ধুয়ে দিয়েছিল।”
তিনি আরও লেখেন, ওসমান হাদির সংগ্রামের পাশে থাকার জন্য অনেক কর্মী তাদের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও পারিবারিক স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে দ্বিধা করেননি। তার সততা, পরিশ্রম ও ইনসাফের শিক্ষা সাধারণ মানুষের কল্পনার বাইরে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন জুমা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাষ্ট্র তার সবচেয়ে সৎ ও দেশপ্রেমিক মানুষটিকে রক্ষায় যথাযথ ভূমিকা পালন করেনি এবং এই দায় এড়ানো যাবে না।
পোস্টের শেষাংশে প্রতিরোধ সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে জুমা লেখেন, “আগামীকাল সোমবার বিকাল ৩টায় শহীদ মিনারে আসুন।”