ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের মন্তব্য করেছেন, ওসমান হাদির যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেদিনই বর্তমান অন্তর্বর্তী সরকারের শেষদিন হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এই দায় সরকার এড়াতে পারবে না।
রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত ইনকিলাব মঞ্চের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি হাদির ওপর হামলার ঘটনায় এখনো জড়িতদের গ্রেপ্তার না করায় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, হামলার পর আমরা সরকারকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিলাম। কিন্তু এই সময়ের মধ্যেও ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আল্লাহ না করুক—ওসমান হাদির যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সেইদিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন হবে।”
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ চুপ আছে বলে যেন কেউ মনে না করে যে ওসমান হাদি একা। “আজ বাংলাদেশের ১৮ কোটি মানুষ ওসমান হাদি। মানুষ রাস্তায় স্লোগান দিচ্ছে—আমরাই ওসমান হাদি,” বলেন তিনি। রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আইনজীবীদের একটি অংশের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া একজন অভিযুক্ত কীভাবে জামিন পায়, তা সাধারণ মানুষের বোধগম্য নয়। তার ভাষায়, “টাকার বিনিময়ে মানবতা ও রাষ্ট্র বিক্রি করে দেওয়ার এই প্রবণতা অত্যন্ত নিন্দনীয়।”
গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে হবে। একই সঙ্গে হাসপাতালে শয্যাশায়ী একজন আহত মানুষকে নিয়ে যারা প্রকাশ্যে উল্লাস করে বা এমন ব্যক্তিদের টকশোতে আমন্ত্রণ জানানো হয়, সে বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের মানুষ গণমাধ্যমে এ ধরনের কণ্ঠ দেখতে চায় না এবং মানবাধিকারের নামে সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।