মহান বিজয় দিবসে বাংলাদেশের পতাকা নিয়ে এক ব্যতিক্রমী ও ঐতিহাসিক উদ্যোগ নিতে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে এই প্যারাস্যুটিং আয়োজনের মাধ্যমে একটি বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ৫৪ জন প্যারাট্রুপারের একজন হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ এই জাম্পে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা একটি হেলমেট পরে অংশ নেবেন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হচ্ছে।”
প্রেস উইং জানায়, আগামী ১৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। একই সঙ্গে থাকবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো।
এরপর সকাল ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশের পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এই বিশেষ আয়োজন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ওইদিন রাত থেকেই তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই বিশ্ব রেকর্ড প্রচেষ্টা বিজয় দিবসের চেতনাকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।