ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং অন্তত ৭২ ঘণ্টা পার না হলে স্বাস্থ্যগত বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। এ অবস্থায় হাদিকে ঘিরে আবেগঘন ও মানবিক কিছু অজানা তথ্য সামনে এনেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, “ওসমান হাদিকে সবাই চেনে একজন সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে।” তিনি বলেন, “আজ হাদির সহকর্মীদের মুখে শুনলাম মানুষ হিসেবে তার বিশালত্বের কাহিনি।”
পোস্টে হাদির ব্যক্তিগত জীবন ও সহকর্মীদের সঙ্গে তার সম্পর্কের নানা মানবিক দিক তুলে ধরেন আসিফ নজরুল। তিনি লেখেন, গত দেড় বছর ধরে প্রয়োজনে হাদি সহকর্মীদের সঙ্গে খালি কার্পেটে ঘুমিয়েছেন। কখনো একটি মাত্র বালিশ থাকলে সেটি নিজের জন্য না রেখে ঘুমন্ত সহকর্মীর মাথার নিচে দিয়ে দিয়েছেন। এমনকি সহকর্মীদের কাপড় নিজ হাতে ধুয়ে দেওয়ার ঘটনাও রয়েছে।
আসিফ নজরুল আরও লেখেন, “যমুনাতে হাদির সহকর্মীরা যখন অশ্রুসিক্ত কণ্ঠে এসব কথা বলছিল, তখন আমাদের হৃদয় আরও বিদীর্ণ হয়ে গেছে। এর সঙ্গে ছিল হাদির বোনের বুকফাটা আর্তনাদ—যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
শেষে হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে আইন উপদেষ্টা লেখেন, “এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি।”
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।