রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি এই ঘটনাকে নির্বাচনী পরিবেশে অগ্রহণযোগ্য সহিংসতা হিসেবে উল্লেখ করে বলেন, দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা।
প্রধান উপদেষ্টা আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্ত পরিচালনার নির্দেশ দিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত ষড়যন্ত্র রয়েছে কি না তা উদঘাটনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন,
“নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।”
তিনি দেশের সব রাজনৈতিক দল, কর্মী-সমর্থক ও সাধারণ নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচন যেন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।