আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এবার এক ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগের ঘোষণা এসেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডা থেকে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক চৌধুরী বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করে এক অভিনব আয়োজনের কথা জানিয়েছেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আশিক চৌধুরী জানান, স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ঢাকার আকাশে একযোগে স্কাইডাইভ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তার ভাষায়, “স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে আমরা ৫৪ জন আগামী ১৬ই ডিসেম্বর ঢাকার আকাশে ঝাঁপ দিবো ইনশাআল্লাহ। সাথে থাকবে লাল সবুজের পতাকা। সব ঠিক থাকলে টিম বাংলাদেশ গড়বে নতুন একটি বিশ্ব রেকর্ড।”
এই স্ট্যাটাসে তিনি সবাইকে এই ঐতিহাসিক উদ্যোগের সাক্ষী হওয়ার আমন্ত্রণও জানান। তার এই ঘোষণাকে অনেকেই বিজয় দিবসের প্রতি এক অনন্য শ্রদ্ধা ও দেশপ্রেমের প্রকাশ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী একজন অভিজ্ঞ স্কাইডাইভার। এর আগেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। যুক্তরাষ্ট্রের মেমফিসে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ৪১ হাজার ৭৯৫ ফুট বা প্রায় ১২.৭৩৯ কিলোমিটার উচ্চতা থেকে স্কাইডাইভ করেন। সেই জাম্পের মাধ্যমে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘গ্রেটেস্ট ডিস্ট্যান্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ’ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড অর্জন করেন।
বিজয় দিবসে ৫৪ জন স্কাইডাইভারের একযোগে লাল-সবুজের পতাকা নিয়ে ঢাকার আকাশে ঝাঁপ দেওয়ার এই উদ্যোগ বাস্তবায়িত হলে, তা শুধু বিশ্ব রেকর্ডই নয়—বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।