ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ যে নতুন রাজনৈতিক পথে অগ্রসর হচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথকে আরও সুদৃঢ় করবে, জনগণের মতকে গুরুত্ব দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তিকে আরও শক্তিশালী করবে।
তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন স্বাধীন, নিরপেক্ষ ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে। একই সঙ্গে নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক করতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক আচরণ সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দোরগোড়ায় দাঁড়িয়ে। সকলের দায়িত্বশীল অংশগ্রহণের মধ্য দিয়ে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সফল হব—এটাই তার দৃঢ় বিশ্বাস।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট। সারাদেশে একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।