ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দিতে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ লাখ ৭ হাজার ৩৯২ জন প্রবাসী ভোটার। এর মধ্যে ২ লাখ ৮৪ হাজার ১৭৩ জন পুরুষ এবং ২৩ হাজার ২১৯ জন নারী।
ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার ডাকযোগে পাঠানো শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। নিবন্ধন শুরু হয় ১৯ নভেম্বর, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আরও অনেক প্রবাসী ভোটার যোগ হতে পারেন বলে মনে করছে ইসি।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশি, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ডাকযোগে ভোট দিতে পারবেন। নিবন্ধন শেষে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে, যা পূরণ করে ভোটারকে ফিরতি খামের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
নিবন্ধন যেসব দেশে চলছে তার তালিকায় রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ইথিওপিয়া, নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা, মিশর, ব্রাজিল, চিলি, মরক্কোসহ বিশ্বের বিভিন্ন দেশ। আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বহু দেশেই প্রবাসীরা পোস্টাল ব্যালট নিবন্ধনে অংশ নিয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ঘিরে ৫০ লাখ প্রবাসী ভোটারকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিদেশে অবস্থিত দূতাবাস, কনস্যুলেট এবং প্রবাসী কমিউনিটিগুলোর সঙ্গে সমন্বয় করে প্রচারণা চালানো হচ্ছে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রবাসীদের এই বড় অংশগ্রহণকে ইতিবাচক সাড়া হিসেবে দেখছে ইসি।