অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার বিকেল পাঁচটার মধ্যে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।
প্রধান উপদেষ্টা তা গ্রহণও করেছেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার মুহূর্ত থেকেই তাদের পদত্যাগ কার্যকর হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। এর আগে সন্ধ্যায় যমুনায় সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই ছাত্রনেতার পদত্যাগ গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের প্রতি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ব্রিফিংয়ে মুহাম্মদ ইউনূস বলেন,
“অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির যে পথ দেখিয়েছ, তা জাতি মনে রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণে তোমাদের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। ”তিনি আরও বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। এত অল্প সময়ে তোমরা জাতির জন্য যে কাজ করেছ, তা ভুলে যাওয়ার নয়। এটি কেবল একটি রূপান্তর; ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করবে তোমরা।”
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ আলম—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, আর আসিফ মাহমুদ দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। ২৩ সদস্যের এই উপদেষ্টা পরিষদে প্রথমে ছিলেন তিন ছাত্র প্রতিনিধি—নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন; আজ পদত্যাগ করলেন বাকি দুইজনও। এর মাধ্যমে উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধিদের সম্পূর্ণ প্রস্থান ঘটল।