স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে হত্যাকাণ্ড বন্ধে তার কাছে কোনো ‘ম্যাজিক’ বা সুইচ অন–অফের মতো ক্ষমতা নেই। এমন কিছু থাকলে তিনি মুহূর্তেই সব বন্ধ করে দিতেন বলে মন্তব্য করেন।
সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা শুধু নির্বাচনের আগে নয়, আগেও ঘটেছে। তাই নির্বাচনের সময় এগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে—এ কথা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তিনি স্পষ্ট করে বলেন, “যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত, আমি এখনই সব বন্ধ করে দিতাম। কিন্তু বাস্তবতা ভিন্ন, এখানে সুইচ টিপলেই সব পরিবর্তন হয় না।”
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রংপুরে নিহত দম্পতির দুই ছেলের একজন পুলিশ কর্মকর্তা এবং আরেকজন র্যাবের সদস্য। হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার এসব ঘটনার প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
নির্বাচন প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সব বাহিনী প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং জানুয়ারির মধ্যে এসব প্রশিক্ষণ সম্পন্ন হবে। তিনি বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি যেখানে প্রয়োজন সেখানে বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, অনেক মানুষের মনে নির্বাচনের প্রতি সন্দেহ তৈরি হয়েছে, আর সেটি গণমাধ্যমের ভূমিকার কারণেও বাড়ছে। “আপনারা যদি ইতিবাচকভাবে প্রচার করেন যে নির্বাচন হবে, তাহলে মানুষের সন্দেহ দূর হবে”—যোগ করেন উপদেষ্টা।
তিনি আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে বডি ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভোট গ্রহণ প্রক্রিয়াকে আরও নজরদারির আওতায় আনবে।