আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশবাসী গর্ব করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে।” তিনি আরও উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করছে এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
অনুষ্ঠানে তিনি দেশের সার্বিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা অভিযানে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন। তার মতে, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তাদের দক্ষতা উন্নয়ন দেশের অগ্রগতিতে সহায়ক হবে।
এনডিসি ও ওয়ার কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, বছরের পর বছর নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ভবিষ্যতে নীতি প্রণয়ন, কৌশলগত পরিকল্পনা ও জাতীয় উন্নয়ন কাঠামোয় ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, “দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে ন্যাশনাল ডিফেন্স কলেজ এক উৎকর্ষতার কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।”
এ সময় তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
চলতি বছরে এনডিসি–২০২৫ কোর্সে মোট ৯৬ জন অংশ নেন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ১৮টি দেশের ২৯ জন কর্মকর্তা ছিলেন। একই সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে ওয়ার কোর্স সম্পন্ন করেন।