ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচি স্পষ্ট করেন।
ইসি আনোয়ারুল জানান, ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ তারিখ বৃহস্পতিবার হওয়ায় মাঝামাঝি সময়—বিশেষ করে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার—নির্বাচনের সম্ভাবনা বেশি। তিনি বলেন, “৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে পারে। এক-দুদিন এদিক–ওদিক হলেও সমস্যা নেই, মাঝামাঝি সময়ই যৌক্তিক।”
এদিকে, নির্বাচন নিয়ে আলোচনা জোরদার হওয়ায় কমিশন আগামী ৭ ডিসেম্বর গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে। বৈঠকেই তফসিল ঘোষণা ও ভোটের তারিখ চূড়ান্ত করা হবে। ইসি আনোয়ারুল জানান, “৭ তারিখের পর দু–তিন দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বরও হতে পারে।”
সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজিত হওয়ায় সময় বাড়ানোর বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান কমিশনার। তিনি বলেন, বর্তমানে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলেও এবার সময় বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করার প্রস্তাব আলোচনা হচ্ছে। একইসঙ্গে ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথাও ভাবছে ইসি।
তিনি বলেন, “দু’টি বড় জাতীয় কার্যক্রম একই দিনে হবে। তাই ভোটারদের ভিড় সামাল দিতে অতিরিক্ত গোপন কক্ষ স্থাপন ও সময় বৃদ্ধি করা যুক্তিযুক্ত বিবেচনা করা হচ্ছে।”
এরই মধ্যে মাঠ প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, তফসিল ঘোষণার পর থেকেই আনুষ্ঠানিক প্রস্তুতি সর্বোচ্চ গতিতে শুরু হবে।