বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।
তিনি লেখেন,
“ম্যাডামের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। আল্লাহর অসীম রহমত বর্ষিত হোক তাঁর ওপর—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই দোয়াই আমাদের একমাত্র আশ্রয়।”রাষ্ট্রদূত মুশফিক বলেন, কিছু মানুষ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অযথা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। তিনি প্রশ্ন তোলেন—এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে তারা আসলে কী অর্জন করতে চায়? “এভারকেয়ার হাসপাতালকে মিলনস্থল বানানোর পরিবর্তে যার যার অবস্থান থেকে নীরবে দোয়ায় শামিল হওয়াই শ্রেয়।”
তার মতে, হাসপাতালে ভিড় করা, লাইভ ভিডিও করা বা উচ্চস্বরে দোয়া পড়ার মাধ্যমে কেউ নিজের উপস্থিতি দেখাতে চাইলে তা অনেক ক্ষেত্রে লোক দেখানো বা রিয়া হিসেবে বিবেচিত হতে পারে, যা ধর্মীয় ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। “সবকিছুতে রাজনীতি খোঁজা কিংবা নিজেকে মেলে ধরার প্রবণতা থামাতে হবে। এমন সংবেদনশীল মুহূর্তে দায়িত্বশীল আচরণই জরুরি।”
পোস্টের শেষে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ সরকার ইতোমধ্যে খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন,“মহান আল্লাহ দেশের এই অভিভাবককে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন।”
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। লিভার, কিডনি, হৃদরোগসহ নানা জটিলতায় তার অবস্থা এখনো সংকটাপন্ন বলে মেডিকেল বোর্ড জানিয়ে আসছে।