মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে একটি কূটনৈতিক চিঠি দিয়েছে ঢাকা। তবে এ চিঠির উত্তর এখনো পায়নি সরকার। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনও কোনো উত্তর আসেনি। আর এত দ্রুত উত্তর আশা করি না। আগের চিঠিরও তো এখনো কোনো জবাব পাইনি।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এক সপ্তাহের মধ্যে উত্তর আসবে—এটা আশা করি না। তবে উত্তর পাবো, সে আশা রাখি।”
চিঠির বিষয়বস্তুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু তাকে (শেখ হাসিনা) বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাই তাকে যেন ফেরত পাঠানো হয়—এ অনুরোধই জানিয়েছি।”
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের জুলাই হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ঘোষণা করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের পরপরই গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠায়। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রথমবার ভারতকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানায়; সেই অনুরোধেরও কোনো জবাব পায়নি ঢাকা।
এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চান, ভারতের দ্রুত উত্তর না দেওয়ার কারণ কী। উত্তরে তৌহিদ হোসেন বলেন, “রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ সময়সাপেক্ষ। তাই এত দ্রুত সাড়া পাওয়া খুব স্বাভাবিকও নয়।”
নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। তিনি বলেন, “কে আসবে, কে আসবে না—এটা নির্বাচন কমিশন ঠিক করবে। কমিশন না চাইলে আমরা কোনো সহায়তাও করব না।”