প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা বহুল আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের রায়ের জন্য আগামীকাল ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন নির্ধারণ করেন। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার রায় ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব খাটানোর মাধ্যমে নিয়মবহির্ভূত সুবিধা নেওয়া হয়। দুদক তদন্তের পর ১৭ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে।
এ মামলার অন্যান্য আসামিরা হলেন—মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এদের মধ্যে আসামি খুরশীদ আলম বর্তমানে কারাগারে আটক রয়েছেন। অন্যরা জামিনে আছেন। আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষ জানায়, প্লট বরাদ্দে অসঙ্গতি, স্বজনপ্রীতি এবং সরকারি ক্ষমতা অপব্যবহারের পর্যাপ্ত প্রমাণ তারা আদালতে উপস্থাপন করতে পেরেছে। অন্যদিকে, আসামিপক্ষ যুক্তি দেয়—মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বরাদ্দের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ প্রশাসনিক।
রায়ের দিন ঘনিয়ে আসায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও বেড়েছে। রায় ঘোষণার দিন আদালত চত্বরে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।