মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, গত ২১ নভেম্বর শুক্রবার দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়, যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া এবং দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের’ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করে। রায়ে ট্রাইব্যুনাল বলে, শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকেও মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। একই মামলায় অ্যাপ্রুভার হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল–১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম রায়। রায় ঘোষণার পরপরই শেখ হাসিনা ও কামালের অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে জানা যায়, দু’জনই ভারতীয় সীমান্তে প্রবেশ করে নিরাপত্তার আওতায় আছেন।
বাংলাদেশ সরকারের দাবি—মামলাটি আন্তর্জাতিক মানদণ্ডে বিচার সম্পন্ন হয়েছে, তাই ভারতের উচিত দণ্ডিত দুই আসামিকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো।