গত পাঁচ বছরে এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করা হয়নি জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন—এটি বড় ধরনের সতর্কবার্তা, তাই এখনই প্রস্তুতি নেওয়া জরুরি।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত আদিবাসী খাদ্য ও শস্য মেলা–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা বলেন, “গত পাঁচ বছরে এত জোরে ভূমিকম্প হয়নি। এটি বারবার আমাদের সতর্ক করে দিচ্ছে। তাই এই সংকেতকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে। ঢাকা শহরে খোলা জায়গার অভাব দুর্যোগ ঝুঁকি আরও বাড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু যেসব ভবন আগে তৈরি হয়েছে, সেগুলোর নব্বই শতাংশ ভূমিকম্প টেকসই নয়। এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে—নতুন করে কোনো জলাশয় ভরাট বা পাহাড়ে হাত দেওয়া যাবে না।”
পাহাড়ে ইটভাটা বন্ধে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই দেশে একটি গোষ্ঠী সবসময় আইন অমান্য করে। পাহাড় কেটে ইটভাটা নির্মাণ করা হচ্ছে, যা বড় ঝুঁকির কারণ। ঝুঁকি কমাতে পরিবেশকে রক্ষা করতে হবে।”
দেশের বৈচিত্র্যকে শক্তি উল্লেখ করে তিনি বলেন, “একটি দেশে যত বৈচিত্র্য থাকে, দেশটি তত বেশি সুন্দর হয়। আমাদের দেশটিও সেই বৈচিত্র্যের কারণেই সমৃদ্ধ।”
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর জোর দিয়ে রিজওয়ানা বলেন, “অগ্নি ঝুঁকি ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় অন্তত তিন বছরের পরিকল্পনা নিয়ে এগোতে হবে।”
তিনি আরও বলেন, “অনেকে এখন পাহাড়ি খাবার খায় শুধু ট্রেন্ড হিসেবে, ঐতিহ্য হিসেবে নয়। ঐতিহ্যকে ধরে রাখতে হবে। বিভাগীয় শহরগুলোতে আদিবাসী খাবারের দোকান খোলা যেতে পারে। আদিবাসী কৃষকদের যেন বঞ্চিত না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”
পাহাড়ি এলাকায় বিদেশি খাদ্যের প্রতি অতিরিক্ত ঝোঁক বাড়ায় দেশি ফলের জন্য জমির বরাদ্দ কমে না যায়—এ বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা।