অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ ও অগ্রাধিকারমূলক খাতের ভবিষ্যত সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সাক্ষাৎকারের শুরুতে উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানান এবং বলেন, দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিশেষ করে যুব নেতৃত্ব, কর্মসংস্থান, ব্যক্তিত্ব বিকাশ এবং কৃষি গবেষণায় দু’দেশের যৌথ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
যুব ও ক্রীড়া খাত নিয়ে আলোচনা করতে গিয়ে উপদেষ্টা বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই দ্বিপাক্ষিক যুব এক্সচেঞ্জ প্রোগ্রাম, প্রশিক্ষণ ও কর্মসংস্থানভিত্তিক উদ্যোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পাশাপাশি ক্রিকেট ও ফুটবলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মাধ্যমে দুই দেশের ক্রীড়া সম্পর্ক আরও গভীর করা যায় বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, বর্তমানে বাংলাদেশ–পাকিস্তান যুব ও সাংস্কৃতিক সম্পর্ক আগের তুলনায় আরও উন্নত হয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও অটুট ও ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ক্রীড়া ও তরুণদের বিষয়ক যৌথ উদ্যোগ দুই দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বৈঠকের দ্বিতীয়পর্বে উপদেষ্টা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এতে স্থানীয় সরকার বিভাগের চলমান প্রকল্পসমূহ, সহযোগিতা বৃদ্ধির সুযোগ এবং তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকারে স্থানীয় সরকার বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।