রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ বা সাধারণ মানুষের জীবনের ঝুঁকি সৃষ্টি করে এমন নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রোববার বিকেলে বেতার বার্তায় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের যে কোনো নাশকতামূলক পরিস্থিতিতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি—যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আইনেই বলা আছে। পুলিশের গাড়িতে আগুন দিলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ বসে থাকবে না।” তাঁর মতে, জনগণের জীবন রক্ষাই প্রথম অগ্রাধিকার, তাই যেকোনো ধরনের নাশকতা দেখলেই আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত সপ্তাহেই চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন, যা দেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। এবার রাজধানীতে একই বার্তা দেওয়ায় নিরাপত্তা বাড়ানোর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকেই ডিএমপি আরও কঠোর অবস্থান নিয়েছে।
নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন আওয়ামীপন্থি গোষ্ঠী রায়কে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে বলেই মনে করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রায়ের দিন শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সন্দেহজনক কার্যকলাপ দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং যেকোনো ধরণের নাশকতা প্রতিরোধ করাই এ নির্দেশনার মূল লক্ষ্য।