রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিজিবির ১২টি প্লাটুন মাঠে নামানো হয়েছে। এসব ইউনিট রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা, প্রবেশপথ ও সংবেদনশীল এলাকায় টহল দিচ্ছে।
বিজিবির গণসংযোগ কর্মকর্তা বলেন, “সকাল থেকেই বিজিবির সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা।”
সূত্র জানায়, বিজিবির সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে।
সম্প্রতি ঢাকাসহ আশপাশের জেলায় রাজনৈতিক সমাবেশ ও আকস্মিক সহিংসতা ঘটার আশঙ্কায় প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। পরিস্থিতি শান্ত রাখতে বিজিবি টহল অব্যাহত থাকবে এবং প্রয়োজনে মোতায়েনের পরিমাণ আরও বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজিবি সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় রাজধানী ও এর আশপাশে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।