স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখন থেকে ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন। রোববার (৯ নভেম্বর) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছে।
বার্তায় বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ বিকেল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। এর মাধ্যমে তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার পরিচয় থেকে সরে এসে রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক আসন ঢাকা-১০-এর ভোটার হচ্ছেন।
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানাকে অন্তর্ভুক্ত করে গঠিত। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনটি দীর্ঘদিন ধরেই রাজধানীর রাজনীতিতে আলোচিত। বিএনপি এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ফলে এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর আগে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল, তিনি ওই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে হঠাৎ করে ভোটার তালিকায় পরিবর্তন এনে ঢাকা-১০-এ স্থানান্তরিত হওয়ায় নতুন জল্পনা তৈরি হয়েছে—তিনি রাজধানীভিত্তিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসিফ মাহমুদের ভোটার পরিবর্তন শুধু প্রশাসনিক নয়, বরং এটি একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ হতে পারে। রাজধানীর এই আসনে ভোটার হওয়া ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে তার অংশগ্রহণের ইঙ্গিত বহন করছে।