নেত্রকোনা প্রতিনিধি :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোন সন্দেহ নেই। গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকা ভিজিট করছি। দেশের প্রত্যেক এলাকায় এখন নির্বাচনের আমেজ বইছে। নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা ফ্যাসিস্টের দোসর। তারা ফ্যাসিস্ট সরকারের প্লট সহ নানা সুবিধা নিয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা সার্কিট হাউজের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মীর্জা সায়েম, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান ও জেলা ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
তিনি আরও বলেন, জুলাই সদন বাস্তবায়নে রাজনৈতিক দল গুলো মত দিবেন। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে মতামত দিতে না পারেন তাহলে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবেন। এ বিষয়টি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিথ্যা বানোয়াট কথা বলে বেশী ভিউ হয়। বছরের পর বছর ধরে মানুষ এগুলো দেখে। তাদের আয়ও অব্যাহত থাকে। টেলিভিশন চ্যানেলের উচিত যারা সত্য কথা বলে, সঠিক তথ্য প্রকাশ করে তাদের নিয়ে টকশো করা।
ঐক্যমত্য কমিশনের খরচ নিয়ে টিভি প্রোগ্রামে ভুল তথ্য দেওয়া হয়েছে। ঐক্যমত্য কমিশনের আপ্যায়ন খরচ হয়েছে ৪৫ লক্ষ টাকা। তাদের মোট ১কোটি ৭৫লাখ টাকা খরচ হয়েছে। যিনি ৮৩কোটি টাকার কথা বলেছেন তার উচিত সত্যি প্রকাশ করে ক্ষমা চাওয়া।