এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণের ওপর ‘ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স’ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন প্রায় দেড় লাখ পুলিশ সদস্য। তাদের প্রতিটি কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নজরদারিতে থাকবে। তাই প্রতিটি সদস্যকে দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার হিসেবে গড়ে তোলাই নির্বাচনী প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ দিয়েছেন। তিনি সকল ইউনিট প্রধানকে প্রশিক্ষণের মান ও শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। পুলিশ সদর দপ্তর থেকেও প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সরেজমিনে দেখতে গত রোববার রাজশাহী ও বগুড়া সফর করেন আইজিপি বাহারুল আলম। এ সময় তিনি প্রশিক্ষণরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। এই প্রশিক্ষণ জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের জন্য এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এবারই প্রথম।