ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনা যদি আওয়ামী লীগকে সুযোগ না দিলে ভোট বর্জন করার সিদ্ধান্ত নেন, তাতেও সরকারের কিছু যায় আসে না।
বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “আমরা এটা দেখি নাই। কিন্তু আওয়ামী লীগ তো এখন কোথাও নেই। দু-একটা ঝটিকা মিছিল হয়তো হয়, আর সেই অনুযায়ী কেউ কেউ কিছু অর্থ পায় — এই পর্যন্তই।”
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার দলের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত। জাতিসংঘের রিপোর্টেই প্রমাণিত, তার শাসনামলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনেও এসেছে— শেখ হাসিনা খুনের নির্দেশ দিচ্ছেন।
প্রেস সচিব জানান, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি বুধবার শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে। সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “আমরা এখনো সাক্ষাৎকারটি পড়িনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করবে।”
শফিকুল আলম অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ আইসিসিতে যে দাবি দাখিল করেছে, সেখানে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের কোনো উল্লেখ নেই। এটি অত্যন্ত একপক্ষীয় ও দুর্ভাগ্যজনক।”
তিনি আরও বলেন, “দেশের টাকা চুরি করে শেখ হাসিনা যুক্তরাজ্যের সবচেয়ে দামি আইনজীবী প্রতিষ্ঠানকে ভাড়া করেছেন নিজের দায়মুক্তি প্রচারের জন্য। দুঃখজনকভাবে দেশের কিছু মহলও এখন তার সেই প্রচারণা প্রমোট করছে।”