প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অমর একুশে বইমেলা যথা সময়েই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “বইমেলা হবে না—এমন গুজব ঠিক নয়। বইমেলা অবশ্যই হবে। পরিস্থিতির প্রেক্ষিতে কিছু সমন্বয় প্রয়োজন হতে পারে, তবে এটি বড় কোনো বিষয় নয়।”
রোববার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘কেমন বই মেলা চাই’ শীর্ষক এক সভায় তিনি এ কথা বলেন। প্রেস সচিব আরও জানান, বাংলা একাডেমি প্রকাশকদের সঙ্গে আলোচনা করে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এমন সিদ্ধান্ত নেবে, যা সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য হবে।
তার ভাষায়, “আমরা এমন একটি বইমেলা চাই যেখানে সকল পাঠকের পছন্দের বই ও সকল লেখকের বই একসঙ্গে থাকবে। পাঠক যেন তার পছন্দমতো বই বেছে নিতে পারেন, তাকে কোনো বই জোর করে চাপিয়ে দেওয়া যাবে না।”
শফিকুল আলম আরও অভিযোগ করেন, “বিগত সরকারের সময় শেখ পরিবারের নামে বই প্রকাশ করে এবং জোরপূর্বক বিক্রি করে কেউ কেউ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এখন সেই অন্যায় প্রথা বন্ধ হওয়া দরকার।”
সভায় জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান বলেন, “বইমেলা বন্ধ করার চেষ্টা মানে জুলাই আন্দোলনের অর্জনকে ম্লান করা। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থান—সব গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে বইমেলা অঙ্গাঙ্গীভাবে যুক্ত। তাই বইমেলা অবশ্যই ফেব্রুয়ারিতেই হতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী। অনুষ্ঠানে সাংবাদিক গাজীউল হাসান খান, লেখক ফয়েজ আলম, সিরাজুল ইসলাম কাদিরসহ অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ১৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।